নামঃ Ahmad Shadhin
গল্পঃ মায়ের সাথে একটা জীবন কাটানোর ইচ্ছে থাকলেও কেন যেন হয়ে ওঠে নাই। সামাজিক নিয়মেই নিজেকে ছাড়িয়ে নিতে হয়েছে। তবে জীবনের বড় অংশটা জুড়েই ছিলেন মা। মায়ের সাথে কাটানো আমার সবচে কাছাকাছি সময়টা ছিলো তিনি হাসপাতালের বেডে থাকাকালিন সময়। কোন এক রমজানের ঈদের দুইদিন আগে মা স্ট্রোক্স করলেন। তারপর ঢাকার মিডফোর্ট হাসপাতালে এডমিট নিতে হলো। পরবর্তী আট দিন আমি অসুস্থ বিছানায় কাতর মায়ের কাছে ছিলাম। ঈদের দিনটা সহ। ঈদের দিন সকালে হাসপাতাল থেকে রান্না করে সেমাই সরবরাহ করা হয়েছিলো। কিন্তু তা আমার খাওয়া হয় নাই। সেই ঈদটা ছিলো আমার সেমাই না খাওয়া ঈদ। মা প্রচন্ডরকম যন্ত্রণায় বিছানায় কাতর ছিলেন। আমি ঠায় তার মাথার কাছে দাঁড়িয়ে। তার ব্যাথা লাঘবের কতশত চেষ্টা। যন্ত্রণার প্রতিটা অংশ যেন আমি নিজেই অনুভব করছিলাম। এর আগে পরেও হাসপাতালে মায়ের সাথে থাকা হয়েছে। তবে সেই সময়টাই আমার স্মৃতিতে উজ্জ্বল।