নামঃ Amit Banik
গল্পঃ মায়ের নিঃস্বার্থ ভালোবাসা অমিত বণিক ‘মা’ একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথামালা। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। ‘মা’ তোমার কথা মনে হলেই মনে পড়ে তোমার কষ্টের কথা। ছোট থেকে বড় হয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি, দেখেছি কোনো না কোনো ঝামেলা জড়িয়ে আছো তুমি, মধ্যবিত্ত পরিবারের গোনা টাকায় সংসার চালানোর মতো চিরন্তন সব ঝামেলা সামলে নিয়ে যাচ্ছো নিরবে। ছোট বেলাতে তোমার এসব ঝামেলাগুলো মনে তেমন প্রভাব ফেলত না, অবুঝের মতো এটা সেটা আবদার করে ফেলতাম। যখন ছোট ছিলাম মা, অনেক অবুঝ ছিলাম আমি। তাই বিনা কারণেই অনেকভাবে কষ্ট দিয়েছি তোমাকে। পড়াশোনা ঠিকঠাক করতাম না, মাঝে মধ্যে স্কুলে যেতে চাইতাম না, স্কুল থেকে এসে বড়শি নিয়ে চলে গেছি মাছ ধরতে। মাছ ধরে এসে ছোট কাকুর অনেক বকা শুনেছি।মাঝে মাঝে বকা খেয়ে কান্নাও করেছি কিন্তু কষ্ট সহ্য করে সন্তানের কষ্টের কথা চিন্তা করে ধরে আনা মাছ গুলো কেটে তাৎক্ষনিক রান্না করে দিয়েছো। গরম ভাতের সাথে ধনেপাতা কুচি দিয়ে পুটিমাছের ঝোল! আহ কি যে স্বাদ! আরও এমন অনেক কিছু করেছি, যেগুলো বলে শেষ করা যাবে না। জানি না সবকিছু তোমার মনে আছে কি না , না ভুলে গেছ অনেক কিছু। আমার কিন্তু সবই মনে আছে মা। কিছুই ভুলিনি মা। এখন বুঝি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। মায়ের নিঃস্বার্থ ভালোবাসাগুলো এমনই হয়। মাগো, প্রতিটিক্ষন তোমাকে খুব মিস করি। ইট পাথরের শহরে তোমার মতো ভালোবাসা খুজে বেড়ায়। তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসার রড়ই অভাব।