নামঃ Sadia Afrin
গল্পঃ মা আমার সবকিছু। ছোটবেলা থেকেই বলতে গেলে বাবা এবং মা উভয়ের দায়িত্ব একাই পালন করছেন আমার মা। বাবাকে যেখানে জীবিকার তাগিদে ব্যস্ত থাকতে হতো সেখানে মা-ই আমার একান্ত ভরসার স্থান ছিলো। মায়ের সাথে কাটানো সব স্মৃতিই আমার কাছে প্রিয়। যেকোনো একটিকে প্রিয় বলা অসম্ভব। তবে ছোটবেলায় মা যখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজতো সেই স্মৃতিটা আমার চোখে এখনো অমলিন। চোখে হালকা কাজল আর কপালে ছোট্ট টিপ দিয়ে নতুন শাড়ি পরে সবসময় পরিপাটি হয়ে থাকা আমার মাকে তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মনে হতো আমার কাছে। বয়সের সাথে সাথে সব সাজ, শখ-আহ্লাদ ছেড়ে দিয়েছে আমার মা কিন্তু মোহাবিষ্ট হয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আয়নার সামনে তার সাজার সেই দৃশ্যটি আমার কাছে আজও জীবন্ত, আজও প্রাণবন্ত। আমার মা আমার কাছে এখনো একান্ত ভরসার স্থান,সবচেয়ে সুন্দর মানুষ।